
মোঃ নুর নবী জনিঃ-
নিজ বসতবাড়িতে অবৈধভাবে গাঁজা চাষের অভিযোগে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মো. মোবারক হোসেন ওরফে কালে খান (২৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এসআরবি-১১।
এ সময় তার বাড়ির সীমানা প্রাচীরের ভেতর থেকে প্রায় ছয় ফুট উচ্চতার একটি জীবিত গাঁজা গাছ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার রাত ১২টার দিকে সিদ্ধিরগঞ্জ থানার শিমুলপাড়া বিহারী ক্যাম্প এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
এসআরবি-১১র সদর কোম্পানি নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায়।
এ সময় পালানোর চেষ্টা করলে মোবারক হোসেনকে আটক করা হয়। পরে তার বসতঘরের সীমানাপ্রাচীরের ভেতর দরজার সামনে রোপণ করা অবস্থায় একটি গাঁজা গাছ উদ্ধার করা হয়।
উদ্ধার করা গাছটির উচ্চতা ৫ ফুট ৭ ইঞ্চি এবং ডালপালা ও পাতাসহ ওজন ৩ কেজি ২০০ গ্রাম।
গ্রেপ্তার মোবারক হোসেন শিমুলপাড়া বিহারী ক্যাম্প এলাকার মৃত আনোয়ার হোসেন এর ছেলে।
এসআরবি-১১ ক্যাপ্টেন রওনক এরফান খান জানায়, প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে জানা গেছে, মোবারক দীর্ঘদিন ধরে নিজ বসতবাড়ির ভেতরে গোপনে অবৈধভাবে গাঁজা গাছের চাষ করে আসছিলেন।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সিদ্ধিরগঞ্জ থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।