
নিজস্ব প্রতিবেদক:-
মুন্সীগঞ্জের অতীশ দীপঙ্কর মেমোরিয়াল কমপ্লেক্সে উৎসবমুখর ও সম্প্রীতির পরিবেশে ‘কঠিন চীবর দান ও সম্প্রীতি সম্মেলন-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) আয়োজিত এই অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ ও অতীশ দীপঙ্কর মেমোরিয়াল কমপ্লেক্সের সভাপতি শ্রীসদ্বম্মসাসনধ্বজ বুদ্ধপ্রিয় মহাথের এবং সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন কমপ্লেক্সের অধ্যক্ষ ও পরিচালক করুণানন্দ থের।
জেলা প্রশাসকের বক্তব্য ও দিকনির্দেশনা
অনুষ্ঠানের শুরুতেই জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী অতীশ দীপঙ্কর মেমোরিয়াল কমপ্লেক্স প্রাঙ্গণে পৌঁছে সার্বিক পরিবেশ ও আয়োজন ঘুরে দেখেন। পরে উদ্বোধনী বক্তব্যে তিনি মুন্সীগঞ্জের বজ্রযোগিনীতে জন্মগ্রহণকারী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বৌদ্ধ পণ্ডিত অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞানের অবদান ও বহুমুখী প্রতিভার কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
তিনি বলেন, পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে অতীশ দীপঙ্কর ও গৌতম বুদ্ধের মানবতাবাদী দর্শন ও আদর্শ অনুসরণের মাধ্যমে মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সকলকে ভূমিকা রাখতে হবে। প্রত্যেকের নিজ নিজ ধর্ম যথাযথভাবে পালনের ওপর গুরুত্বারোপ করে জেলা প্রশাসক উল্লেখ করেন, “ধর্ম যার যার, রাষ্ট্র সবার।”
এছাড়া সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষের ধর্মীয় অধিকার, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে সরকার সর্বদা পাশে রয়েছে জানিয়ে তিনি কমপ্লেক্সের সম্প্রসারণ ও উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
প্রশাসনিক কর্মকর্তা ও বিশিষ্টজনদের উপস্থিতি
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ গোলাম মোস্তফা, পুলিশ সুপারের প্রতিনিধি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন (পিপিএম) এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত বৌদ্ধ সম্প্রদায়ের ব্যক্তিবর্গ।
মেডিকেল ক্যাম্প ও বিভিন্ন সংগঠনের অংশগ্রহণ
অনুষ্ঠানে ফ্রি মেডিকেল ক্যাম্পসহ অংশগ্রহণ করেন HWPL ও BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার নেতৃবৃন্দ। সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন—
BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি সোহেলী আক্তার এবং সাধারণ সম্পাদক মো. মোমেন ইসলাম।
ঢাকা বিভাগীয় কমিটির সভাপতি সেলিনা সুলতানা শিউলী, সাংগঠনিক সম্পাদক ডা. পারভিন আক্তার এবং ইনভেস্টিগেশন অফিসার মাহতাব হোসেন।
নারায়ণগঞ্জ জেলা কমিটির প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক কাজী সফিউল আলম কালাম, শিক্ষা ও পরিবেশ বিষয়ক সম্পাদক কবি সেলিম, মহানগর কমিটির সাধারণ সম্পাদিকা সামিরা সিদ্দিকী, ফতুল্লা থানা কমিটির সাধারণ সম্পাদক শাহিনা আক্তার কাজল এবং সদর থানা কমিটির সাধারণ সম্পাদক আকলিমা আক্তার রুমা।
এছাড়াও উপস্থিত ছিলেন ‘সকাল নারায়ণগঞ্জ’ অনলাইন পোর্টালের সম্পাদক ও প্রকাশক ছায়ানুর তালুকদার, বিশিষ্ট সিনিয়র ফটোসাংবাদিক জামাল তালুকদার, রোজিনা আক্তার, রাকিবসহ প্রত্যয় ফাউন্ডেশন ও নারায়ণগঞ্জ গ্রীন আই হসপিটালের নেতৃবৃন্দ।
সম্প্রীতির বন্ধন নিয়ে বক্তাদের অভিমত
অনুষ্ঠানে HWPL ও BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মো. মোমেন ইসলাম তাঁর বক্তব্যে বলেন, “আজকের এই কঠিন চীবর দান ও সম্প্রীতি সম্মেলন সফল করতে আমরা তিন মাস আগে থেকে পরিকল্পনা করছি। সকল ধর্মের মানুষ একসাথে মিলেমিশে উদযাপন করে আমরা দেখিয়ে দিতে চাই যে, মুন্সীগঞ্জের অতীশ দীপঙ্কর মেমোরিয়াল কমপ্লেক্সে সম্প্রীতির এক অনন্য বন্ধন সৃষ্টি হয়েছে।” এ সময় তিনি অনুষ্ঠানটি সফলভাবে আয়োজনের জন্য কমপ্লেক্সের পরিচালক করুণানন্দ থেরের প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।