
মোঃ নুর নবী জনিঃ-
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শব্দদূষণ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনা করে ২ হাজার ২শত টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ সময় অনুমোদিত শব্দমাত্রার অতিরিক্ত শব্দ সৃষ্টিকারী ১টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।
রোববার (৩০ আগস্ট) বিকেল ৪টা ৩০ মিনিট থেকে ৫টা ২০ মিনিট পর্যন্ত উপজেলার এশিয়ান হাইওয়ে মহাসড়কের নয়াপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে এবং সোনারগাঁ উপজেলা প্রশাসনের সহযোগিতায় মোবাইল কোর্টটি পরিচালিত হয়। অভিযানে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন বিধিমালা, ১৯৯৫ ধারা লঙ্ঘন করা যানবাহনে অনুমোদিত শব্দমাত্রার অতিরিক্ত শব্দ সৃষ্টিকারী হাইড্রোলিক হর্ন ব্যবহার করায় ১টি ট্রাক চালক/প্রতিনিধির বিরুদ্ধে ১টি মামলা করা হয়। এ মামলায় তাকে ২ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়। একইসঙ্গে ১টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।
এ ছাড়া সড়ক পরিবহন আইন ২০১৮ ধারায় একটি মটর সাইকেল আরোহীকে ২ শত টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্টে বিচারিক দায়িত্ব পালন করেন কাঁচপুর রাজস্ব সার্কেল এর সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম। প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক টিটু বড়ুয়া। এ সময় পরিবেশ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং সোনারগাঁ থানা পুলিশের সদস্যরা উপস্থিত থেকে অভিযানে সহযোগিতা করেন।
এবিষয়ে কাঁচপুর রাজস্ব সার্কেল এর সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম জানান, জনস্বার্থে শব্দদূষণ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ও মোবাইল কোর্ট কার্যক্রম অব্যাহত থাকবে।