
বিশেষ প্রতিবেদকঃ-
সোনারগাঁ উপজেলার কাঁচপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের কালিয়াভিটা কবরস্থান সংলগ্ন মাদকসেবী ও মাদক ব্যবসায়ী নাজমুল হাসান (২৮) মাদকের টাকা না পেয়ে নিজ পিতা আয়েত আলীর বসতবাড়ি আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে বলে খবর পাওয়া গেছে।
এ অগ্নিকান্ডের ঘটনায় আয়েত আলীর পাকা বিল্ডিংয়ের কয়েকটি কক্ষ ভস্মীভূত হয়ে ছাদের বেশ কয়েক জায়গার পলেস্তারা ভেঙ্গে পড়েছে, পাশাপাশি ছাদের নীচে থাকা সাড়ে ৫ লাখ টাকার প্লাস্টিক ক্রেট সম্পূর্ণ পুড়ে গেছে। তাছাড়া অগ্নিকান্ডের ঘটনায় পাশের বাড়ির একটি টিনের ঘর ও মালামাল পুড়ে গেছে।
জানা গেছে, মাদক খাওয়ার টাকা না পেয়ে মা বাবার উপর ক্ষিপ্ত হয়ে ২৮ অক্টোবর বুধবার রাত আনুমানিক সাড়ে ১১টায় মাদকসেবি নাজমূল এক গ্যালন ডিজেল ছিটিয়ে আগুন ধরিয়ে দেন। মসজিদের মাইকে জানিয়ে দেয়ার পর স্থানীয়রা পানি নিক্ষেপ করে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এসময় খবর পেয়ে কাঁচপুর মডার্ণ ফায়ার সার্ভিসের ২টি ইউনিট এসে আগুণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
নাজমুল মাদকসেবী, মাদক ব্যবসায়ী, চুরি ও ডাকাতির সাথে সম্পৃক্ত। মাদক ও ডাকাতির বেশ কিছু মামলা তার নামে রয়েছে, গ্রেফতার হয়ে কয়েকবার কারাভোগও করেছেন।
অগ্নিকান্ডের ঘটনায় সোনারগাঁ থানায় লিখিত অভিযোগের প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন ভুক্তভোগী আয়েত আলী।