
ষ্টাফ রিপোর্টারঃ-
নারায়ণগঞ্জে পুলিশ সদস্য আনোয়ার মোল্লা হত্যা মামলায় ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানের সময় পালাতে গিয়ে পুলিশের গুলিতে আহত হয়েছে অভিযুক্ত ডেভিড।
জানা যায়, নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জের বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান চালিয়ে পুলিশ কনস্টেবল আনোয়ার মোল্লা হত্যা মামলায় জড়িত ছয়জনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ ও এসআরবি টিম।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জের দেওভোগ নাগবাড়ি এলাকায় অভিযানের সময় রিয়াজ ওরফে ডেভিড দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ গুলি ছোড়ে। এতে পায়ে গুলিবিদ্ধ হয়ে আহত হয় ডেভিড। এ সময় আসামি ধরতে গিয়ে পুলিশের উপ-পরিদর্শক নন্দন ও রফিকও আহত হন।
অভিযানে থাকা অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. হাসিনুজ্জামান জানান, ফতুল্লার হাশেমবাগ এলাকার রিয়াজ ওরফে ডেভিড, তার ভাই আব্দুল্লাহ ও সহযোগী সামাদসহ চারজনকে আটক করা হয়। এছাড়া এসআরবির পৃথক অভিযানে আদর ও আজাদ নামে আরও দুজন গ্রেপ্তার হয়। এদের মধ্যে আব্দুল্লাহকে মুন্সীগঞ্জ থেকে এবং বাকিদের নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকা থেকে ধরা হয়।
উল্লেখ্য, গত ২২ নভেম্বর রাতে ফতুল্লার হাশেমবাগে সাদা পোশাকে ওয়ারেন্টের তথ্য সংগ্রহ করতে গিয়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়ির কনস্টেবল আনোয়ার মোল্লা।