
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান তাহেরপুর ইসলামিয়া আলিম মাদ্রাসার উদ্যোগে নবীনবরণ, বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ১০টায় মাদ্রাসা প্রাঙ্গণে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মাদ্রাসার প্রতিষ্ঠা ও উন্নয়নে বিশেষ অবদান রাখায় ৭৪টি জমিদাতা পরিবারকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ ছাড়া আলিম প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়ার পাশাপাশি ৫৩ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী এবং আলিম পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী ৪ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।
মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আক্তার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, ঢাকার চেয়ারম্যান অধ্যাপক খোন্দকার মোহাম্মদ সাদেকুর রহমান। মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন সোনারগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আবুল কালাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (উপসচিব) আবু আসলাম, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব সালাহ উদ্দিন, মাদ্রাসার সাবেক সভাপতি অধ্যাপক মো. আব্দুল কাদির এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ড. মো. জহিরুল ইসলামসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও স্থানীয় সমাজসেবীরা।
মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মো. ইব্রাহিম খলিলের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানটি পরিচালিত হয়। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মেধা ও সাফল্যের স্বীকৃতি প্রদান, শিক্ষার উন্নয়নে অবদান রাখা ব্যক্তিদের সম্মাননা জানানো এবং নবীন শিক্ষার্থীদের উৎসাহিত করাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য।
এদিকে, এমন সফল ও মহতী আয়োজনের জন্য এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, জমিদাতা পরিবার এবং তাহেরপুরবাসীর পক্ষ থেকে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আক্তার হোসেন ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মো. ইব্রাহিম খলিলসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়েছে।