
মেঘনা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে প্রাণ হারানো তিন শিক্ষার্থীর শোকার্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। নিহতদের পরিবারগুলোকে গভীর সমবেদনা জানানোর পাশাপাশি তাদের হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের বাড়ী মজলিশ এলাকায় নিহত শিক্ষার্থীদের বাড়ি গিয়ে এমপি মান্নান শোকাহত স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করেন।
পরিবারের সদস্যদের সান্ত্বনা দিতে গিয়ে সংসদ আজহারুল ইসলাম মান্নান বলেন, এই মর্মান্তিক দুর্ঘটনায় আমাদের হৃদয়কে গভীরভাবে বেদনার্ত করেছে। পুরো দেশবাসী আজ এই শোকের অংশীদার। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান এই কঠিন সময়ে আপনাদের পাশে রয়েছেন। দল ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে তার ত্রাণ তহবিল থেকে আপনাদের জন্য এই সামান্য আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া হলো।
মর্মান্তিক এই দুর্ঘটনায় তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং সৃষ্টিকর্তা যেন তাদের জান্নাত নসিব করেন সেই দোয়া করেন।
পরিবারগুলোর সঙ্গে সাক্ষাৎকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিনসহ স্থানীয় নেতা-কর্মীরা।
উল্লেখ্য, গত রবিবার (২০ সেপ্টেম্বর) সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের ভাটিবন্দর এলাকায় স্কুল ফাঁকি দিয়ে মেঘনা নদীতে গোসল করতে নামে তিন শিক্ষার্থী। এ সময় নদীর স্রোতে তলিয়ে গিয়ে একই পরিবারের জমজ দুই ভাই ও তাদের প্রতিবেশীসহ মোট ৩ জন শিক্ষার্থীর মৃত্যু হয়। এ হৃদয়বিদারক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।