
মোঃ নুর নবী জনিঃ-
নারায়ণগঞ্জ শহরের দুই নম্বর রেল গেইটে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, হেরোইন ও ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার হাবিবুর রহমান।
এর আগে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভোরে শহরের দুই নম্বর রেলগেইট থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- এমদাদুল হক ও জিহাদ। এসময় তাদের কাছ থেকে বিদেশি পিস্তল ও হেরোইন জব্দ করা হয় এছারাও ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল জব্দ করা হয়।
পুলিশ সুপার হাবিবুর রহমান সংবাদ সম্মেলনে জানান, দীর্ঘদিন যাবত ভোরবেলা তারা শহরের বিভিন্ন স্থানে মোটরসাইকেল যোগে অস্ত্রের মুখে জিম্মি করে মানুষের সর্বস্ব লুটে নেয় এবং সেই সাথে মাদক ব্যবসাও চালিয়ে আসছিলো।
তিনি বলেন, গ্রেফতারকৃতদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, হেরোইন এবং ছিনতাই কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়। এছাড়াও তাদের বিরুদ্ধে একাধিক অস্ত্র ও মাদক মামলা রয়েছে বলে জানান তিনি ।