
মোঃ নুর নবী জনিঃ-
এইচডব্লিউপিএল (HWPL) এবং বিএইচডিএস (BHDS) অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে নারায়ণগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার চাষাড়া বাগে জান্নাত মসজিদ সংলগ্ন আঙ্গুরা শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায় অবস্থিত চাইনিজ রেস্টুরেন্টে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিএইচডিএস (BHDS) অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা ঢাকা বিভাগীয় কমিটির সভাপতি সেলিনা সুলতানা শিউলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কর কমিশনার মর্তুজা শরিফুল ইসলাম রানা।
অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বিএইচডিএস অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মোঃ মোমেন ইসলাম।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ঢাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. জেবউননেচ্ছা।
প্রধান আলোচকের বক্তব্যে অধ্যাপক ড. জেবউননেচ্ছা বলেন, “শিক্ষকরাই হচ্ছেন জাতির মেরুদণ্ড। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনাকালে শিক্ষার্থীদের ভালোবাসা ও সম্মান এখনও আমাকে আপ্লুত করে।” নারায়ণগঞ্জের ঐতিহ্য তুলে ধরে তিনি বলেন, “নারায়ণগঞ্জ সম্প্রীতির এক অনন্য জেলা। শীতলক্ষ্যার তীরে গড়ে ওঠা এই প্রাচ্যের ডান্ডিতে চার ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করছে। ধনী-দরিদ্রের ভেদাভেদ ভুলে সমাজকে এগিয়ে নিতে ও শিক্ষকদের সম্মান রক্ষায় আমাদের আজীবন কাজ করে যেতে হবে।”
প্রধান অতিথি কর কমিশনার মর্তুজা শরিফুল ইসলাম রানা তাঁর বক্তব্যে বলেন, “নারায়ণগঞ্জে জন্মগ্রহণ করে আমি সত্যিই গর্বিত। মানবসেবা ও সমাজউন্নয়নে এইচডব্লিউপিএল এবং বিএইচডিএস অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার নানামুখী উদ্যোগ প্রশংসনীয়। একজন সরকারি কর্মকর্তা হওয়ার চেয়ে শিক্ষক পরিচয়ে আমি নিজেকে বেশি সম্মানিত মনে করি। তরুণদের নিয়ে এই সংগঠনের মানবিক কার্যক্রম বিশ্ব দরবারে সুনাম ছড়িয়ে দেবে বলে আমি বিশ্বাস করি।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএইচডিএস অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হাসনা হেনা সুইটি, ঢাকা বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ডাক্তার পারভিন আক্তার, ধর্ম বিষয়ক সম্পাদক মুফতি ডা: হোসাইন মোহাম্মদ আল আমিন, নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি হাজী মোঃ জাহাঙ্গীর আলম প্রধান, বীর মুক্তিযোদ্ধা মুক্তা বেগম, নারায়ণগঞ্জ মহানগর কমিটির সাধারণ সম্পাদক সামিরা সিদ্দিকী, নারায়ণগঞ্জ জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ছায়ানুর তালুকদার, ফতুল্লা থানা কমিটির সাধারণ সম্পাদক হাসিনা আক্তার কাজলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংগঠনের প্রতিনিধিবৃন্দ।
আলোচনা সভা শেষে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণী শিক্ষকদের হাতে সম্মাননা অ্যাওয়ার্ড তুলে দেন অতিথিরা।