
মোঃ নুর নবী জনিঃ–
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নগদ টাকা, প্রাইভেটকার ও মাদকদ্রব্যসহ ৫ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। এসময় উদ্ধার করা হয়েছে ৫ বোতল ম্যাকড্রিল,২ ক্যান বিদেশি বিয়ার, ১টি প্রাইভেটকার এবং নগদ ৫ লাখ ৬৯ হাজার ৫০০ টাকা।
পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, পিপিএম-এর নির্দেশে ও সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক, পিপিএম-এর তত্ত্বাবধানে সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) মোঃ মামুনুর রশিদের নেতৃত্বে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টার দিকে জামপুর ইউনিয়নের পেরাব এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করে।এসময় তাদের কাছ থেকে নগদ ৫,৬৯,৫০০ টাকা, ৫ বোতল ম্যাকড্রিল, ২ ক্যান ‘ম্যাক্সিমাস এক্স-স্ট্রং’ বিয়ার এবং অপরাধে ব্যবহৃত ২০১৫ মডেলের সাদা রঙের একটি হোন্ডা প্রাইভেটকার জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো,ইব্রাহীম (৩৪), মোঃ রাজু (৩৫), মোঃ আলম হোসেন (৩৪), মোঃ নাসিম (৩৮), শহিদুল ইসলাম (৩৮)।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আব্দুল বারেক জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকমুক্ত করতে এ ধরণের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে পুলিশ নিশ্চিত করেছে।