
স্টাফ রিপোর্টারঃ-
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুখ্যাত ছিনতাইকারী চক্রের ৪ সদস্যকে ছিনতাইকৃত ২ লক্ষাধিক টাকার মালামালসহ গ্রেফতার করেছে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ ডিবি।
রোববার(পহেলা নভেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার(অপারেশন ও অপরাধ) তারিক আল মেহেদী।
এর আগে শনিবার রাত ১১ টার দিকে নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, পিপিএম এঁর দিক-নির্দেশনায় সিদ্ধিরগঞ্জ থানার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মৌচাক বাস স্ট্যান্ড এলাকায় ডিবি’র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ
হাসিনুজ্জামান এর তত্ত্বাবধানে ডিবির পুলিশ পরিদর্শক মোঃ নজরুল ইসলামের নির্দেশে এসআই মফিজুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স অভিযান করে ছিনতাইকৃত ২ লক্ষাধিক টাকার মালামালসহ কুখ্যাত ছিনতাইকারী চক্রের ৪ সদস্যকে হাতে নাতে গ্রেপ্তার করে।
গ্রেফতারকৃতরা হলেন রিপন (৩৪),মোঃ রাব্বি (৩০),হৃদয় চন্দ্র দাস (৩০) ও মাসুম (২৯)।
এসময় তাদের কাছ থেকে ২ টি ইসিজি মনিটর,লিফট যন্ত্রপাতি,১ টি বার্মিজ চাকু, ১ টি ছোড়া ও দুই লক্ষ চার হাজার দুইশত চল্লিশ টাকার মালামাল উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় এসআই মফিজুল ইসলাম আইন-শৃংখলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনে একটি মামলা দায়ের করেন।